তুমি চলে যাচ্ছো
নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে
কালো ধোঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে
তোমার ক্লান্ত অপস্রিয়মাণ মুখস্রী
সেই কবে থেকে
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি
তুমি চলে যাচ্ছো
তোমার চলে যাওয়া শেষ হচ্ছে না
সেই কবে থেকে তুমি যাচ্ছো তবু শেষ হচ্ছে না
তবু শেষ হচ্ছে না
বাতাসের সঙ্গে কথা বলে
বৃষ্টির সঙ্গে কথা বলে
ধলেস্বরীর দিকে চোখ ফিরাতেই
তোমাকে আবার দেখলুম
আবার নতুন করে তোমার চলে যাওয়া শুরু
তুমি চলে যাচ্ছো
নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে
কালো ধোঁয়ার ফাঁকে ফাঁকে
তোমার ক্লান্ত অপস্রিয়মাণ মুখস্রী
যেনো আমার সেই প্রথমবারের মতো চলে যাওয়া
তুমি চলে যাচ্ছো
আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছি
তুমি চলে যাচ্ছো
নদীতে কান্নার কল্লোল
তুমি চলে যাচ্ছো
বাতাসে মৃত্যুর গন্ধ
তুমি চলে যাচ্ছো
চৈতন্যে অস্থির দোলা
লঞ্চ ছাড়ছে টারবাইনে বিদ্যুৎ গতি ঝর তুলছে প্রানের বৈঠায়
কালো ধুঁয়ার দুরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপস্রিয়মাণ মুখস্রী
তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছো
তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না
তিন হাযার দিন ধরে তুমি যাচ্ছো যাচ্ছো আর যাচ্ছো
তুমি চলে যাচ্ছো আকাশ ভেঙ্গে পড়ছে তরঙ্গিত নদীর জ্যোৎস্নায়
কালো রাজহংশের মতো তোমার নৌকো
কাঁশ বনের বুক চিঁরে চিঁরে আখ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে
তুমি চলে যাচ্ছো আকাশ ভেঙ্গে পড়ছে আকাশের মতো
হে তরঙ্গ
হে সর্বগ্রাসী নদী
হে নিষ্ঠুর কালো নৌকো
তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছো
সে আমার কিছুই ছিলো না
তবু কেনো সন্ধের আকাশ এভাবে ভেঙ্গে পড়লো নদীর জ্যোৎস্নায়
ভেঙ্গে পড়লো জলের অতলে তুমি চলে যাচ্ছো বলে
তুমি চলে যাচ্ছো
ল্যাম্পোষ্ট থেকে খসে পড়ছে বাল্ব
সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমশা
যেনো কোনো বিজ্ঞ যাদুকর কালো স্কার্ফ দিয়ে
এ শহর দিয়েছে মুড়িয়ে
দু একটা বিষণ্ণ ঝিঁ ঝিঁ ছাড়া আর কোনো গান নেই
শব্দ নেই জীবনের শিল্প নেই
নেই কোনো প্রাণের সঞ্চার
এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছো
আর এক দুরের নগরে
আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে
তোমার গন্তব্যের দিকে নিলীমায় রয়েছি
তুমি চলে যাচ্ছো
তোমার বিদায়ি চোখে চশমায় নূহের প্লাবণ
তুমি চলে যাচ্ছো
বিউগলে বিষণ্ণ সুর ঝর তুলছে অন্তরগত অশোক কাননে
তুমি চলে যাচ্ছ
তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব মৃতের নগরী পড়ে আছে
অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে
তোমার মুখের দিকে তাকাতে পারিনা
তোমাকে দেখার নামে
তোমার চতুর্দিকে পরিপার্শ্ব দেখি
বিমান বন্দরে বৃষ্টি
দুচোখ জলের কাছে ছুটে যেতে চায়
তোমার চোখের দিকে তাকাতে পারিনা
তুমি চলে যাচ্ছো
আমার কবিতা গুলো শরবিদ্ধ আহত সিংহের ক্ষোভ বুকে নিয়ে পড়ে আছে একা
তুমি চলে যাচ্ছ
কতোগুলি শব্দের চোখে জল
No comments:
Post a Comment